প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
খুলনার ৩ এপিবিএন সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

মোঃ মামুন মোল্লা,খুলনা:
৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৩ এপিবিএন), খুলনার অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ১০২টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৭১ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে জিডির সূত্র ধরে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার অধীনে সাইবার ক্রাইম ইউনিটটি তাদের নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্ত অপরাধ দমনে কাজ করে আসছে।
অধিনায়কের দিকনির্দেশনায় এবং সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী ও সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭১ হাজার ৬১০ টাকাও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উদ্ধার করা ১০২টি মোবাইল ফোন ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন। এ সময় জিডির সূত্র ধরে উদ্ধার করা একজন ভুক্তভোগীকেও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোন ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরকালে ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন বলেন, “জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করতে পারব।”
৩ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও হারানো মোবাইল ফোন উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা